আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেনে সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচনের নিরাপত্তা এবং অর্থনৈতিক কার্যক্রম পর্যবেক্ষণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের নির্দেশনা অনুযায়ী, ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা এই সীমাবদ্ধতা কার্যকর থাকবে।
এই সময়ের মধ্যে বিকাশ, নগদ, রকেটসহ সকল মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মে ব্যক্তি থেকে ব্যক্তি (পি-টু-পি) লেনদেনে একবারে সর্বোচ্চ ১ হাজার টাকা পাঠানো যাবে। এছাড়া প্রতিদিন সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে এবং মোট লেনদেনের সীমা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।
তবে মার্চেন্ট পেমেন্ট এবং ইউটিলিটি বিল পরিশোধের মতো প্রয়োজনীয় সেবা আগের নিয়ম অনুযায়ী চালু থাকবে। অন্যদিকে, এমএফএসের মাধ্যমে অন্যান্য বেশ কিছু লেনদেন সাময়িকভাবে স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।
একই সময়ের মধ্যে ব্যাংকের অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি অর্থ স্থানান্তর (আইবিএফটি) সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে লেনদেন সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে বিশেষ ‘কুইক রেসপন্স সেল’ গঠন করতে হবে। পাশাপাশি সব ধরনের লেনদেন সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখা হবে।
যদি কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন শনাক্ত হয়, তাহলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় সহযোগিতা করবে। নির্ধারিত সময় শেষ হলে স্বাভাবিক লেনদেন ব্যবস্থা পুনরায় চালু হবে।

0 Comments